ঋণ কিছু রয়ে গেছে স্মৃতির মায়াবী কোলের কাছে
পুরনো বাদলগাছের তলায় ফেলে আসা কান্নার দোকান
ক্রমে জেগে ওঠে তার বৈরী—কিছু শোরগোল
কেটে ফেলো—ওর কারণে ফসলের যতো ক্ষতি
বাদামঅলা জাদুর পকেট ভরে
নিয়ে গেছে বালকবেলার সোনালি মুদ্রা
হৃদয়-ক্যানভাসে তবু আঁকা হয়ে আছে
অজগ্রামের পাঠশালা—ঋতুবতী বালিকার করুণ হাসি
ছবির নিটোল ফ্রেম হয়ে বেঁচে আছে নিঃসঙ্গ চুঙ্গিপুল
চেয়ে আছে বড়ো করুণ—রোদবিকেলের জামায় চৈতালি মন
আতিপাতি খোঁজে অকারণ সোনালতার সোনামুখ
ঢোঁড়াছানাদের বয়েস হলো বলে দলবেঁধে খুব কান্না ভালোবাসে
তাহাদের ছোপতোলা নরম শরীরে মায়ায় জড়ায়
বাদলবিরিক্ষের কায়াহীন ছায়া