তোমাকে পাবো না বলে আর বৃষ্টি দেখি না। বিক্ষিপ্তভাবে তোমার চোখ দেখি শুধু। বিত্রস্ত বিষণ্ণতা ধরে রেখেছো চোখে, যেন মায়াবী ময়ূর! লুকাতে গিয়ে বারবার ধরা পড়ে যাও, হারাও সবুজ বনে। তোমাকে খুঁজি না তাই। দমবন্ধ শহরে যেটুকুতে স্বস্তি পাও কেড়ে নেই না।
তোমাকে পাবো না বলে আর বৃষ্টি শুনি না। শ্রান্ত হাসি ধরে রেখেছো ঠোঁটে। তোমার চিবুক জুড়ে খেলা করে ভোর। তুমি মেঘ ভালোবাসো না। ভীত হরিণের ক্ষিপ্রতা ধরে রাখো চোখে মুখে। তোমাকে ছুঁই না তাই। যা দেখে হেসে ওঠো আহ্লাদে, তা থেকে মন ফিরিয়ে রাখি।
তোমাকে ভালোবাসলাম বা বাসলাম না। বৃষ্টি তোমার মনে পাঠিয়ে তাই খাঁ খাঁ রোদ ধরে রাখি চোখে।