ইউ টার্ন

ইউ টার্ন

আমরা মিতালি শহরে ঢুকছি কেবল।

জঙ্গল বিশিষ্ট ঘরবাড়ি ছোট ছোট,

কত নষ্ট ফসল আর মাঠের চাহনি

পিছে ফেলি

টাটকা লাল শাকের খেত

লম্বা গাছের মাথায় সূর্য ডোবার দৃশ্য

যে বাতাসে কমপক্ষে সাতটা ফুলের সুবাস মিশি আছে

তাও পার হইলাম. প্রজাপতির পাক খাওয়া ডাবগাছের পুকুর

পাতার নিচে ঢাকা পড়া পাখির রং

একা একা ওড়া মেঘের আকাশ

ডানে বায়ে গভীর খাদ

পোকার আওয়াজ

রাস্তার ধারের টিভিঅলা চায়ের দোকান

পাশে পশুদের শুকনা ঘাস!

আমরা চাই না পৃথিবীতে আর সন্ধ্যা হোক

বনফুলের নাচন না দেখার আগে

আমাদেরে ডাকে

আমাদেরে টানতে থাকে পিছনের দিকে!

আমরা প্রেমে পড়লে

এ রকম ইউ টার্নে ভাবতে থাকি

কুয়াশার সকাল

রেইনি ডে আমাদেরে উদাস না করলেও!

Write a Comment

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *