প্রাচীন এথেন্সে প্রায় আড়াই হাজার বছর আগে এমন একজন মানুষের জন্ম হয়েছিল, যিনি পশ্চিমা দর্শনের ইতিহাসে এক যুগান্তকারী বাঁকবদলের সূচনা করেছিলেন। তাঁর নাম সক্রেটিস। অতিরিক্ত প্রশ্ন করার জন্যই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল—এটাই ইতিহাসের বিস্ময়। সক্রেটিসের আগেও বহু দার্শনিক ছিলেন বটে, কিন্তু দর্শনকে সুশৃঙ্খল জিজ্ঞাসা, যুক্তি ও বৌদ্ধিক অনুসন্ধানের একটি পদ্ধতিগত ধারায় প্রতিষ্ঠিত করেন তিনিই। দর্শনের যদি কোনো পৃষ্ঠপোষক সাধু থাকে, তবে নিঃসন্দেহে তিনি সক্রেটিস।
শারীরিক গঠন ও দৈহিক সাজসজ্জায় তিনি ছিলেন অগোছালো, বেঁটে, নোংরা এবং প্রায়ই গোসল না করা এক বিচিত্র মানুষ। কিন্তু এই বাহ্যিক অপরিচ্ছন্নতার আড়ালে ছিল এক অনন্য মেধা, তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যতিক্রমী আকর্ষণ। তাঁর সমসাময়িকরা একমত ছিলেন যে, সক্রেটিসের মতো মানুষ তারা আগে দেখেনি—এবং সম্ভবত আর কখনো দেখবেও না। তিনি ছিলেন জীবন্ত প্রশ্নবেদনা, অথচ সেই প্রশ্নই তাকে অন্যদের কাছে বিরক্তিকর করে তুলেছিল। নিজেকে তিনি তুলনা করতেন গবাদিপশুর গায়ে কামড়ানো সেই বিরক্তিকর গ্যাডফ্লাইয়ের সঙ্গে—যারা বিরক্তিকর হলেও প্রাণঘাতী নয়। তবে অনেক এথেন্সবাসী মনে করত, সক্রেটিস কেবল বিরক্তিকরই নন, তিনি বিপজ্জনকও; বিশেষ করে তরুণদের ওপর তাঁর প্রভাব ছিল গভীর।
যৌবনে সক্রেটিস লড়েছিলেন পেলোপনেশিয়ান যুদ্ধে। কিন্তু মধ্যবয়সে তাঁর জীবনের এক বড় কাজ হয়ে ওঠে এথেন্সের বাজারে ঘুরে বেড়িয়ে মানুষকে প্রশ্ন করা। এই প্রশ্নগুলো ছিল দেখতে সহজ, কিন্তু ভেতরে ছিল ধারালো অস্ত্রের মতো তীক্ষ্ণ যুক্তি। মানুষ যা সত্য বলে মানে—সক্রেটিস তার ভিত্তি উন্মোচন করে দেখাতেন, আসলে তারা কিছুই জানে না।
ইউথাইডেমুস নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর একটি বিতর্ক এ ক্ষেত্রে বিস্ময়কর উদাহরণ। ইউথাইডেমুস বলেছিলেন—ছলনাপূর্ণ কিছু করা সবসময়ই অনৈতিক। সক্রেটিস তার জটিলতা তুলে ধরলেন একটি ব্যতিক্রমী উদাহরণ দিয়ে : যদি কোনো হতাশাগ্রস্ত বন্ধু আত্মহত্যার আশঙ্কায় থাকে এবং তার ছুরি চুরি করে নেওয়া হয়—তা কি ছলনা নয়? আবার কি এটি অনৈতিক? এরকম প্রশ্নের মধ্য দিয়ে সক্রেটিস দেখালেন নৈতিকতার ধারণা কত জটিল এবং সহজ কোনো সূত্র দিয়ে তা নির্ধারণ করা যায় না। এইভাবে তিনি প্রতিদিন এথেন্সের মানুষকে দেখাতেন—যা তারা জানে বলে ভাবছে, আসলে তারা তা জানে না। নিজের অজ্ঞতার সচেতনতা, তাঁর মতে, প্রকৃত জ্ঞানের প্রথম ধাপ।
এথেন্সের ধনী পরিবারগুলো তাদের সন্তানদের সোফিস্টদের কাছে পাঠাত—যারা টাকা নিয়ে বাগ্মিতা ও যুক্তিবিদ্যার পাঠ দিত। কিন্তু সক্রেটিস ছিলেন ব্যতিক্রম : তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। তিনি দাবি করতেন—তিনি কিছুই জানেন না, তাই কাউকে শেখানোর প্রশ্নই ওঠে না। তবু তাঁর চারপাশে তরুণেরা ভিড় জমাত, আর এই জনপ্রিয়তা সোফিস্টদের চোখে তাকে বিরাগভাজন করে তুলেছিল।
এই সময়ে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। সক্রেটিসের বন্ধু কেরোফোন ডেলফির ওরাকলের কাছে গিয়ে জানতে চান—সক্রেটিসের চেয়ে জ্ঞানী কেউ আছেন কি? ওরাকলের উত্তর আসে—না, সক্রেটিসের চেয়ে জ্ঞানী আর কেউ নেই। সক্রেটিস এতে বিস্মিত হন; তিনি নিজেকে তো অজ্ঞই মনে করতেন। এই রহস্য উদ্ঘাটনের জন্য তিনি জীবনের বহু বছর কাটান মানুষকে প্রশ্ন করে। শেষে তিনি বুঝলেন—লোকেরা তাদের পেশাগত দক্ষতা নিয়ে কিছুটা জানলেও তারা নিজেরা যে কত কম জানে, সে বিষয়ে সম্পূর্ণ অচেতন। সক্রেটিস জানতেন অন্তত একটিই সত্য—তিনি জানেন যে তিনি জানেন না। এই বিনম্র স্বীকারোক্তিই তাকে জ্ঞানী করেছে।
‘ফিলোসফার’ শব্দের অর্থই হলো—জ্ঞানের প্রতি ভালোবাসা। যুক্তি, প্রশ্ন ও আলোচনার মধ্য দিয়েই দর্শনের যাত্রা শুরু হয়েছিল। সক্রেটিসের মতে, জ্ঞান মানে কেবল তথ্য জানা বা কারিগরি দক্ষতা নয়; বরং অস্তিত্বের প্রকৃত স্বরূপ বোঝা। আধুনিক দার্শনিকরাও আজ সেই কাজই করে যাচ্ছেন—অস্তিত্ব, নৈতিকতা, বাস্তবতা ও মানবজীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজেন।
সক্রেটিস কোনো লিখিত রচনা রেখে যাননি। তাঁর মতে, লিখিত শব্দ প্রশ্নের উত্তর দিতে পারে না। মুখোমুখি আলোচনায় কথোপকথনের প্রবাহ ও প্রসঙ্গ অনুযায়ী ভাব পালটানো যায়। তাই আমরা তার সম্পর্কে যা জানি—প্রায় সবই তাঁর শিষ্য প্লেটোর লেখনীতে সংরক্ষিত। প্লেটো সক্রেটিসকে কেন্দ্র করে যেসব সংলাপ রচনা করেছেন, তা দর্শন ও সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদের একটি। তবে গবেষকরা আজও নিশ্চিত নন—প্লেটো সত্যই সক্রেটিসের কথা লিখেছেন, নাকি সক্রেটিস নামে চরিত্রটির মাধ্যমে নিজের ভাবনাই প্রকাশ করেছেন।
প্লেটোর যে ভাবনাগুলো সক্রেটিসের ভাবনা নয় বলে মনে করা হয়, তার একটি হলো—বাস্তব পৃথিবী আসলে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ নয়। ইন্দ্রিয় যা দেখায় তা কেবল বাহ্যিক ছায়া; বাস্তবতা তার গভীরে। বাস্তবতার এই ধারণা বোঝাতে প্লেটো দিয়েছেন বিখ্যাত ‘গুহার উপমা’। এতে মানুষকে দেখা হয় গুহার দেয়ালের দিকে মুখ করা বন্দির মতো—যারা শুধু ছায়া দেখে এবং সেটাকেই সত্য বলে বিশ্বাস করে। কিন্তু যিনি শৃঙ্খল ভেঙে আলোতে বেরিয়ে আসেন তিনি সত্যিকার রূপ দেখেন। এই মানুষটিই দার্শনিক—যিনি বাহ্যিকতার আড়ালে বাস্তব স্বরূপ উপলব্ধি করতে পারেন। অধিকাংশ মানুষ ইন্দ্রিয়ের প্রদত্ত ছায়াকেই বাস্তব মনে করে সন্তুষ্ট থাকে।
এভাবেই প্লেটো তাঁর বিখ্যাত ‘থিওরি অব ফর্মস’ বা ‘রূপতত্ত্ব’ প্রস্তাব করেন। পৃথিবীতে আমরা যেসব ঘটনা, বস্তু বা গুণ দেখতে পাই সেগুলো কখনোই নিখুঁত নয়। যেমন বাস্তবে কোনো বৃত্তই নিখুঁত নয়। কিন্তু ‘নিখুঁত বৃত্তে’র যে বিমূর্ত ধারণা আমাদের মনে আছে, সেটিই হলো বৃত্তের ‘ফর্ম’। বাস্তব বস্তু অসম্পূর্ণ হলেও ‘ফর্ম’ নিখুঁত। ভালো বা সৌন্দর্যের ক্ষেত্রেও একই কথা। বাস্তব ভালো কোনো ঘটনার ওপর ভরসা না করে ‘ভালোত্বের আদর্শ রূপ’ বোঝা দার্শনিকের কাজ।
এই ভাবনা থেকেই প্লেটো বিশ্বাস করতেন, রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে যোগ্য মানুষ দার্শনিকরাই। তাঁর বিখ্যাত রচনা দ্য রিপাবলিকে তিনি বর্ণনা করেন—একটি আদর্শ রাষ্ট্র যেখানে শাসক হবেন দার্শনিক-রাজা, তার নিচে সৈন্যবাহিনী, আর সবার নিচে উৎপাদকশ্রেণি। এই রাষ্ট্র হবে কঠোরভাবে নিয়ন্ত্রিত, শিল্পকলারও বেশিরভাগই নিষিদ্ধ হবে, কারণ তারা বাস্তবতার ভুল প্রতিফলন ঘটায়। আজকের ভাষায় প্লেটোর এই রাষ্ট্র ‘কর্তৃত্ববাদী’ বা টোটালিটারিয়ান।
এথেন্স অবশ্য এমন কোনো রাষ্ট্র ছিল না। সেখানে গণতন্ত্র চালু ছিল—যদিও ভোটাধিকার ছিল খুব সীমিত সংখ্যক নাগরিকের জন্য। কিন্তু অন্তত নীতিগতভাবে সকল নাগরিক আইনের চোখে সমান ছিল। নানা লটারি পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা বণ্টিত হতো, যাতে সবাই রাষ্ট্র পরিচালনায় সমান সুযোগ পায়।
কিন্তু সাধারণ এথেন্সবাসী সক্রেটিসকে ভালো চোখে দেখত না। তাদের মতে, তিনি তরুণদের বিভ্রান্ত করতেন এবং রাষ্ট্রের কাঠামোকে অস্থিতিশীল করতেন। শেষ পর্যন্ত এই অভিযোগেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি মৃত্যুর মুখোমুখি হয়েও পালিয়ে যাওয়ার সুযোগ নেননি। কারণ তাঁর মতে—যে রাষ্ট্রে তিনি জীবনের সবকিছু পেয়েছেন, সেই রাষ্ট্রের আইন ভাঙা অন্যায়ের চেয়েও বড় অন্যায়।
সক্রেটিসের মৃত্যু তাই কেবল একজন মানুষের মৃত্যু নয়, বরং একটি বৌদ্ধিক বিপ্লবের সূচনা। তাঁর প্রশ্ন করার শক্তি, অজ্ঞতার স্বীকারোক্তি এবং নির্ভীক যুক্তিবোধই পশ্চিমা দর্শনের ভিত্তি তৈরি করে দিয়েছে। আর প্লেটো তাঁর লেখনীতে সক্রেটিসকে অমর করে তুলেছেন, পাশাপাশি নির্মাণ করেছেন নিজের এক বিশাল দার্শনিক সাম্রাজ্য—যার কেন্দ্রে রয়েছে সত্য অনুসন্ধান, যুক্তির জ্যোতি এবং অমর আদর্শ রূপের দর্শন। সক্রেটিস আমাদের শেখান—পরীক্ষাহীন জীবন মানুষের জন্য নয়। নিজেকে প্রশ্ন করা, নিজের বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় তোলা এবং কখনোই প্রশ্ন করা থামিয়ে না দেওয়া—এটাই মানুষের সবচেয়ে বড় গৌরব। এই দৃষ্টিভঙ্গি আজও দর্শনের প্রাণশক্তি।