কবিতাগুচ্ছ

সজীব পাথর 

রঙিন আবর্তনের ভেতর খুঁজে পাই বিধুরতা।

সারাসন্ধ্যা, এক ভেজা পাথর এখানে সজীব হয়ে থাকে।

এত বিবর্ণ রঙ, এত বিজাতীয় সুর তোমার গলায়—

আমি শুধু হারিয়ে ফেলি দিক-নির্দেশনা।

দূরে, জলোচ্ছ্বাসে ভেসে যায় একাকী শামুক।

সমানুপাতিক বেদনায় ঢেকে যায় মন।

আর ছায়ার ভেতর অরণ্য উজাড় হলে,

বুক ছেড়ে উড়ে যায় এক ডানাকাটা পাখি।

পাপ ও প্রার্থনার মন্ত্র 

তোমার নাম এক নিষিদ্ধ মন্ত্র।
ঠোঁটে নিলেই ভেঙে যায় বিধির বৃত্ত।
তোমার বুকে ঝুঁকি;
অদৃশ্য কোনো কাবার দিকে ফিরে।
নিঃশব্দ সেজদায় ডুবে যায় আমার ছায়া।
এ কোন জলে নামলাম আমি,
যেখানে পাপ আর প্রার্থনা—
একই তরঙ্গে দোলে। আর আমি শুনি—
নিজেরই ঈমান হারানোর প্রতিধ্বনি।

ক্ষত

আড়াল থেকে একজোড়া চোখ চেয়ে আছে।

আড়চোখে মাপছে ভাঙা শরীরের ক্ষত।

ফিরে যাওয়ার সময় এখনে খুবই গৌণ;

বনের গভীরে ডুবে গ্যালে বন্ধন ছিঁড়ে যায় কারোর।

আর বালিহাঁস ভুলে যায় রাতের শব্দের সমূহ দুঃখ।

সঙ্গম শেষ হওয়ার আগেই—

কেউ কেউ ছেড়ে দেয় ঋতুর দায়।

জলের স্বরাজ

নিলয়-চোখের কোল ছুঁয়ে থাকা মুখ গো তোমার—
মোহের ভেতর ডুবে থাকে আমার আনমনা মন। তোমার প্রতীকী বুকে ভরদুপুর জমে ওঠে রোজ—সূর্যের নিচে নিঃশব্দে চলে জলের চোরা স্রোত। শনশন হাওয়া, গাছেরা বাজায় বৈরুত ক্ষতবিক্ষত সুর, মেঘলা আকাশে একদল পাখির লেজে বাঁধা ঘুমের অস্থির দোল। আয়না—বারবার নিজেকেই ভাঙে কাঁচের ভেতর, ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ে প্রতিচ্ছবি; তোমার ছায়ার মেঝেতে ফুলেরা রক্তাক্ত হয়ে শেখে ভাঙনের ব্যাকরণ।
চেহারার ঘাম মুছে তুমি ধীরে ধীরে হও শ্যাওলার জল—
অচেনা সবুজে ডুবে যাওয়া এক নামহীন স্রোত। সকাল সমেত বাঁশির ভেতর আমি শুনি দূরত্বের জন্ম, তোমার বাড়ি—চিরকাল বহুদূর।

হাওয়ার পেখম 

এইসব দিন—নিবেদিত হাওয়ার পেখম তুলে নাচে,
কানের পাশে নিত্য বাজে অচিন পাখির গান।
বিধুর সুরে ডুবে থাকে রাজেন্দ্রনগরের শ্যাওলা ঘাট,
রমণীরা হাঁটে—চোখের ইশারার বানানে।
কার খোঁপায় ফুটে আছে কামিনী ফুল!
জলমগ্ন রূপ, বঁধু—তোমার আঁখি নেশার বোতল।
এতো সান্দ্র, নিদারুণ ব্যথায় বিভোর হয়ে—
লক্ষ পাখি উড়ে গেলে
কলমিলতার বুকে নামে নিঃশব্দ কান্নার দোল।

উত্তর আধুনিক বাংলা কবিতা

তুমি যতটা না পারো,
তার চেয়ে বেশি করো অস্বীকার।

আর যতটা না অনীহা,
তার চেয়ে অধিক মুখ ফিরিয়ে রাখো
গভীর অন্ধকারের দিকে।

মনে হয়—
প্রবল, অনিরুদ্ধ এক বাতাস;
যার ভার সইবার
কোনো ক্ষমতা নেই তোমার।

Write a Comment

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *