দীঘল পথের পাশে

সরল সমীকরণ ছেড়ে দেখি—উলুসন্ধ্যা। জলজ হাওয়া আর তাড়িত দিনের কসুর। ধূপগন্ধী বিকেলের স্পর্শে সুষমা অসুখ। কে ছেড়ে যায়? নিটোল গানেদের আসর ছেড়ে

কে নিয়ে যায় একাকী রোদের গান

মহুয়া দলের সাথে গোপন আঁতাত। দিলউচাটন সারথিতে—মাজারে ফিতে বেঁধে রাখে মখমলি ওম। যদি পারো প্রেম, ফসিলের নাম—জেনে রেখো। কাসুন্দিপনার গৌরব আর তথৈব

জেনে রেখো সারবত্তা, করমচাগাছ

আলতা খোয়াওনি। কিশলয় এঁকে—যে বিধুর গল্প আঁকে মৌতাত হেঁসেল, তারে দিয়ো একরত্তি উশুম। কথাকওয়া রাতেদের ভিড়ে তার জন্য জিইয়ে রেখো অলোক। বাদবাকি ছাড়ো। মহব্বত ফুরোবার কালে—মেটেরঙা স্তুতি পোড়াও, রতি পোড়াও। এবং

দীঘল পথের পাশে

আমাকে শেখাও মোহ, দ্রোহ ভালোবেসে।

Write a Comment

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *